সরকার খেলা ও খেলোয়াড়দের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, বর্তমান সরকার দেশের খেলা ও খেলোয়াড়দের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আপনারা দেখেছেন ইতোমধ্যে সরকার দেশের তৃণমূল পর্যায়ের খেলাধূলার উন্নয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর আয়োজন করে প্রথমধাপ সফলভাবে সম্পন্ন করেছে। দ্বিতীয় ধাপের আয়োজন শুরুর প্রস্তুতিও চলছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিনি কিশোরগঞ্জের ভৈরবের উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি এ সময় আরও বলেন, আজ দেশব্যাপী মাদকের যে ভয়াবহতা, তা থেকে নতুন প্রজন্মকে রক্ষায় খেলাধূলার বিকল্প নাই। তাই তাদেরকে খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে। তবে খেয়াল রাখতে হবে, খেলাধুলা করতে গিয়ে বিভিন্ন সংগঠন বা অঞ্চল পাড়া-মহল্লা নিয়ে যেনো আবার ঝগড়াঝাটির সৃষ্টি না হয়। নিয়মতান্ত্রিকভাবে খেলাধুলা করতে হবে।
এ সময় তিনি ভৈরবে একটি জাতীয়মানের ‘স্পোর্টস একাডেমি’ প্রতিষ্ঠায় তার উদ্যোগের কথা জানিয়ে বলেন, এই একাডেমিতে জাতীয় পর্যায়ের প্রশিক্ষকরা প্রশিক্ষণ প্রদান করে নতুন নতুন দক্ষ ক্রীড়াবিদ তৈরি করবেন। যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করে সাফল্য বয়ে আনবেন। তিনি ইতোমধ্যে ভৈরব স্টেডিয়ামের উন্নয়নে ৪০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে বলেন, প্রয়োজনে আরও বরাদ্দ আনা হবে। তবে খেলাধুলার উন্নয়ন চাই।
উপজেলা মিলনায়তনে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে মন্ত্রী মহোদয় ভৈরব উপজেলার ২০ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন। পরে সেখান থেকে তিনি ভৈরবের নদীভাঙন এলাকা পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: