মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসকসহ ৫ জনের ৪৩ হাজার টাকা জরিমানা
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী এলাকায় অনুমোদনহীনভাবে চিকিৎসক ও চক্ষু ক্যাম্পেইন পরিচালক পরিচয়ে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে নিয়ে চক্ষু ক্যাম্পেইন পরিচালনার অভিযোগে পাঁচজনকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ক্যাম্পেইন পরিচালক ও চিকিৎসক পরিচয়দানকারী দুজনকে ২০ হাজার করে অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং তিন সহযোগীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে এই অর্থদণ্ড করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া।
অভিযুক্তরা হলেন ঢাকার কোতোয়ালি থানার শাহাজাদা মিয়া লেনের বাসিন্দা অনুপ কুমার বিশ্বাস (ক্যাম্পেইন পরিচালক), পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া এলাকার মো. মানিক হাওলাদার (ডিপ্লোমা চিকিৎসক), ঢাকার কেরানীগঞ্জের মো. আরিফ হোসেন ও মো. জাহিদ হোসেন এবং চট্টগ্রামের ডবলমুরিং এলাকার আবদুল কাইয়ুম রিফাত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া জানান, অভিযুক্তরা নিজেদের একটি হাসপাতালের পরিচালক ও চিকিৎসক পরিচয় দিয়ে উপজেলার ছদুরখীল ও বাটনাতলী এলাকায় সাধারণ মানুষকে একত্রিত করে চক্ষু ক্যাম্পেইন পরিচালনা করছিলেন। তবে তাদের নিজেদের পরিচয় এবং ক্যাম্পেইন পরিচালনার বিষয়ে তারা যথাযথ কোনো বৈধ কাগজপত্র বা অনুমতিপত্র দেখাতে পারেননি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: