ঋণ করে গড়া কলাবাগানে রাতের আঁধারে হানা, কেটে ফেলা হলো অপরিপক্ক ২৫০০ থোড়!
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় ২ হাজার ৫০০টি অপরিপক্ব কলার থোড় কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানের মালিক কৃষক শহিদুল ইসলাম। শনিবার দিবাগত রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা বাগানে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে মালিককে খবর দেন।
ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি জানান, প্রায় দুই বছর আগে লক্ষ্মীপুর হঠাৎপাড়া এলাকায় ওমরপুর গ্রামের আব্দুল হাকিমসহ কয়েকজনের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকায় জমি লিজ নিয়ে কলাবাগানটি গড়ে তোলেন। বাগান তৈরির জন্য ঋণ করে অর্থ সংগ্রহ করেছিলেন তিনি।
শহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগে বাগানটি গড়ে তুলেছেন। ধীরে ধীরে কলাগুলোও পরিপক্ব হচ্ছিল। এরই মধ্যে শনিবার রাতে দুর্বৃত্তরা বাগানে ঢুকে প্রায় ২ হাজার ৫০০টি কলার থোড় কেটে ফেলে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, বাগানের ওপর নির্ভর করেই ঋণের টাকা পরিশোধসহ পরিবারের খরচ চালানোর পরিকল্পনা ছিল। এখন হঠাৎ করে সবকিছু নষ্ট হয়ে যাওয়ায় তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: