• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাজেকে সড়ক অবরোধ স্থগিত

নন্দন দেবনাথ, রাঙামাটি

প্রকাশিত: ০৮:৪৪, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাজেকে সড়ক অবরোধ স্থগিত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে রাঙামাটির সাজেক পর্যটন সড়কে আহুত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী এসোসিয়েশন’। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই সংগঠনের আহুত সাজেক পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবু ধন চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে সারাদেশে একযোগে দুর্গাপূজা শুরু হচ্ছে, যা সাজেকের মাচলং বাজারেও উদযাপিত হবে। এই উৎসবকে সম্মান জানিয়ে এবং সার্বিক সুবিধার্থে অবরোধ কর্মসূচি ছয় দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়, এই অবরোধ কর্মসূচি রাজনৈতিক উদ্দেশে কিংবা কোনো জাতি, ধর্ম ও বর্ণের মানুষের বিরুদ্ধে নয়; বরং সাজেকবাসীর জানমালের সার্বিক নিরাপত্তার স্বার্থে ডাকা হয়েছিল। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দুর্গোৎসবের পর প্রশাসন যদি সাজেকবাসীর যৌক্তিক দাবিগুলো পূরণ না করে, তবে পরবর্তীতে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠন দুটি অনতিবিলম্বে সাজেকবাসীর তিন দফা দাবি বাস্তবায়ন করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য, সাজেকবাসীর নিরাপত্তা ও তিন দফা দাবি আদায়ে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বানে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ চলছিলো। অবরোধের কারণে খাগড়াছড়ির দীঘিনালার জোড়াব্রিজ থেকে সাজেক ভ্যালি ও পার্শ্ববর্তী অভ্যন্তরীণ সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিলো।

বিভি/এসজি

মন্তব্য করুন: