কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক ২ পুলিশ সদস্য
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযানে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের দুই সদস্য। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। তাদের ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মাধ্যমে প্রক্রিয়া চলছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে রাতের দায়িত্ব পালনকালে মাদক উদ্ধারের অভিযানে যাচ্ছিলেন ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল। এ সময় পুলিশ দেখে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন কনস্টেবল রোহিত দেওয়ান তাকে ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকেরা ওই কনস্টেবলকে আটক করেন। পরে দায়িত্বপ্রাপ্ত দলের ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। পরে ঘটনাস্থলে বিএসএফকে ডাকা হয়। আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: