• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সাইবার মামলা থেকে খালাস পেলেন মোংলার সাংবাদিক রেজা মাসুদ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৩৮, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সাইবার মামলা থেকে খালাস পেলেন মোংলার সাংবাদিক রেজা মাসুদ

সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন মোংলায় কর্মরত সাংবাদিক রেজা মাসুদ। একই সঙ্গে আদালতের নির্দেশে জব্দ করা তার মোবাইল ফোনও ফেরত দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে বাগেরহাটের আদালতের বিচারক বাদী ও বিবাদীর উপস্থিতিতে আলোচিত মামলাটির আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন রেজা মাসুদের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে বাগেরহাটের মোংলার ময়লাপোতা এলাকার এক নারীর পক্ষে তার ভাই সাইবার সুরক্ষা আইনে রেজা মাসুদের বিরুদ্ধে মামলা করেন। পরে গত ২ সেপ্টেম্বর ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। ৩ সেপ্টেম্বর তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারের দুই দিন পর, ৬ সেপ্টেম্বর আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

রেজা মাসুদ স্বদেশ প্রতিদিন ও দৈনিক যশোর পত্রিকার মোংলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এর আগে তিনি সময় টেলিভিশনের চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। তিনি মোংলা প্রেসক্লাবের প্রথম কার্যনির্বাহী পরিষদের সদস্য।

মামলাটি নিষ্পত্তির পর প্রতিক্রিয়ায় সাংবাদিক রেজা মাসুদ বলেন, ‘সাইবার সুরক্ষা আইনের মামলাটি আজ বিজ্ঞ আদালত নিষ্পত্তি ঘোষণা করেছেন। জব্দ করা আমার ব্যবহৃত মোবাইল ফোনটিও আদালত থেকে ফেরত পেয়েছি। দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি আমার সব সময়ই পূর্ণ আস্থা ছিল। আজ তা আবারও প্রমাণিত হলো।’

এ সময় দুর্দিনে পাশে থাকা সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত