• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ভারতের তরুণদের আন্দোলন রূপ নিচ্ছে সরকার পতনের এক দফায়!

প্রকাশিত: ১৪:২০, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ভারতের তরুণদের আন্দোলন রূপ নিচ্ছে সরকার পতনের এক দফায়!

ভারতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনের উত্তাপ এখন ছড়িয়ে পড়ছে ক্ষমতার মূল কেন্দ্রে। বিরোধী দল ও আন্দোলনকারীদের মতে, ভোটার তালিকায় এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল-বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে। ফলে সাম্প্রতিক বিক্ষোভগুলোর মূল দাবি ছিল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। কিন্তু চলমান এই আন্দোলন ক্রমেই রূপ নিচ্ছে সরকার পতনের এক দফা দাবিতে।

প্রাপ্তবয়স্ক জীবনের পুরো সময়টাই মোদির শাসনামলে কাটিয়েছেন রুবি সিং। একসময় সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখা এই নারী এখন নিজেকে পুরোপুরি রাজনৈতিক সক্রিয়তায় নিয়োজিত করেছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবি দাবি করেন, সরকার তরুণ ভারতীয়দের জন্য কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। রুবি বলেন ''আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হই—তাহলে আগামীকাল হয়তো আমরা ভারতকে পুরোপুরি একটি ‘পুলিশি রাষ্ট্র’ হিসেবে দেখব। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই জাতির গণতন্ত্র বাঁচানোর এটাই হয়তো আমাদের শেষ সুযোগ। আজ যদি আমাদের স্তব্ধ করে দেওয়া হয়, তবে এমন একটি সরকার ক্ষমতায় চলে আসতে পারে, যা আমরা কখনোই চাইনি। যদি কোটি কোটি মানুষকে চুপ করিয়ে দেওয়া হয়, তবে কী নিশ্চয়তা আছে যে আগামীকাল আমিও তাদের একজন হয়ে উঠব না?''

প্রধান আন্দোলনস্থল যন্তর মন্তরে মোদি সরকারের ওপর ক্ষোভ ঝেড়ে রুবি আরও বলেন, ''আমরা চাই মোদি যেন ফিরে যান। আমরা মোদির শাসন থেকে মুক্তি চাই। এরা যেভাবে মানুষের ভোট চুরি করেছে এবং আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে, তা মেনে নেওয়া যায় না। আমাদের ওপর ব্যাপক কড়াকড়ি চালানো হচ্ছে। কিন্তু আমরা স্লোগান দিতেই থাকব, কারণ লড়াই তো সবে মাত্র শুরু হয়েছে।''

সরকার পতনের দাবি শুধু আন্দোলনকারীরাই করছেন না, একই ইঙ্গিত আসছে শীর্ষ নেতাদের বক্তব্য থেকেও। ১৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনে সিজেপি নেতাদের সাথে অংশ নেন ভারতের প্রখ্যাত আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণ। সরকারের দমন-পীড়নের সমালোচনা করে তিনি বলেন, ''সরকার বলছে যে এটি নাকি তাদের ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র। বিরোধীদল নাকি সরকার পরিবর্তন করতে চাইছে। আমরা তো কেবল নির্বাচন ব্যবস্থা ঠিক করার চেষ্টা করছিলাম। তাদের কাছে বারবার আকুতি জানাচ্ছিলাম যেন দেশে আবার নির্বাচনী গণতন্ত্র ফিরিয়ে আনা হয়। কিন্তু সরকার যদি এভাবে বর্বরতা চালিয়ে যেতেই থাকে, তবে সরকার তো পরিবর্তন হবেই। হ্যাঁ, আমরা সরকার পরিবর্তনই চাই। আমরা সবাই মিলে এই সরকারের পতন চাই।"

ভারতে ক্ষমতা পরিবর্তনের ছক কষছে বিরোধীরা, এমন দাবি উঠছে ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মুখপাত্র প্রদীপ ভান্ডারি এ অভিযোগ করেন। এ সময় তিনি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরার একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তার দাবি, বাংলাদেশের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন থেকে অনুপ্রাণিত হওয়ার কথা বলেছেন নেহা বোরা। ভান্ডারি অভিযোগ করেন, নেহা বোরার বক্তব্য এবং রাহুল গান্ধীর সাম্প্রতিক প্রতিবাদ মিছিলে তার উপস্থিতি প্রমাণ করে, ভারতে অস্থিরতা সৃষ্টি করে কেন্দ্রের ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছে তারা। 

চলতি সপ্তাহে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কংগ্রেস ও সিজেপির আন্দোলন একসঙ্গে চলতে পারে ধারণা করা হচ্ছে। এছাড়া ইনডিয়া জোট থেকে দূরে থাকা আম আদমি পার্টিও সিজেপির বিক্ষোভে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। 

সূত্র: রয়টার্স

বিভি/এমএফআর

মন্তব্য করুন: