• NEWS PORTAL

  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সীমান্ত নদী ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেননি বাংলাদেশিরা

সাতক্ষীরা প্রতিনিধি  

প্রকাশিত: ২২:০৬, ২১ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:০৭, ২১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সীমান্ত নদী ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেননি বাংলাদেশিরা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুরে আন্তঃসীমান্ত নদী ইছামতিতে নিজ নিজ সীমারেখায় দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। 

বুধবার (২১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই বাংলার দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্প্রীতির এ আয়োজন ঘিরে নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

তবে, নিরাপত্তার কারণে ইছামতির বাংলাদেশ পাড়ে কাউকে নদীতে নামতে দেওয়া হয়নি।

যদিও টাকী পাড়ে ভারতের সীমারেখার মধ্যে স্পিডবোট, নৌকা, ট্রলার ও লঞ্চে করে প্রতিমা নিয়ে বিসর্জনের আনুষ্ঠানিকতা পালন করেন ওপার বাংলার মানুষ।

বিসর্জনকে কেন্দ্র করে দেবহাটার টাউনশ্রীপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নদীর পাড়ে ও আশেপাশের এলাকায় বিজিবির পাশাপাশি পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে প্রতিমা বিসর্জন।

প্রসঙ্গত, এক যুগ আগেও প্রতিমা বিসর্জনকে ঘিরে দুই বাংলার মানুষের মধ্যে ইছামতি নদীতে মিলনমেলা ঘটতো। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বন্ধ রয়েছে এই মেলবন্ধন।

বিভি/এআই

মন্তব্য করুন: