মুন্সীগঞ্জে মাজারের ভেতরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল দিনমজুরের
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিপক্ষের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে জাহেদ বেপারী (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দিনমজুর জাহেদ মাজার ভক্ত ছিলেন, বুধবার (৪ নভেম্বর) রাতে নিজ বাড়ির পাশে হযরত দয়াল বাবা রুহুল আমিন শাহ এর মাজার শরীফের একটি কামরায় অবস্থান করছিলেন জাহেদ। এ সময় একই এলাকার ফরিদ বেপারী ওই কামরায় ঢুকে জাহেদকে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান,ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত ফরিদ বেপারীকে গ্রেফতারে ইতিমধ্যেই মাঠে কাজ শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ফরিদ বেপারীর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ও মাদক মামলাসহ বেশ কিছু মামলা রয়েছে বলেও জানান তিনি। পূর্ব বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিভি/এসজি













মন্তব্য করুন: