• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান, আছেন আরও দুই বাংলাদেশি

প্রকাশিত: ১৬:০৪, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:০৪, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান, আছেন আরও দুই বাংলাদেশি

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০২৭ সালের সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাকে অন্তর্ভুক্ত করেছে জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)।

সম্প্রতি প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের আরও দুজন নারী স্থান পেয়েছেন। তারা হলেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা। দুজনকেই সামাজিক বিষয়াবলি বিভাগে রাখা হয়েছে। প্রকাশনার ওয়েবসাইটের দেশভিত্তিক সূচিতে বাংলাদেশ থেকে এই তিনজনের নাম রয়েছে। 

তারেক রহমান সম্পর্কে প্রকাশনায় বলা হয়েছে, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত অবস্থায় থেকেও বিএনপির নেতৃত্ব দিয়েছেন।

প্রকাশনার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে এবং নির্বাচিত বিএনপি সরকারের যাত্রা শুরু হয়। 

তালিকায় স্থান পাওয়া ড. হামিদা হোসেন বাংলাদেশের একজন বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারকর্মী। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক চেয়ারপারসন। নারীর অধিকার, মানবাধিকার ও সামাজিক বৈষম্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসনেও ভূমিকা রেখেছেন।

অন্যদিকে, রাজিয়া সুলতানা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার, বিশেষ করে বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা ও পাচারের ঘটনা নিয়ে কাজ করেছেন তিনি। কক্সবাজারের শরণার্থী শিবিরে শত শত নির্যাতিত নারীর সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পান রাজিয়া। তিনি ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সমন্বয়ক এবং আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের নারী শাখার পরিচালক।

উল্লেখ্য, ‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের বিভিন্ন ক্ষেত্রে অবদান ও প্রভাব বিবেচনা করে অন্তর্ভুক্ত করা হয়। তালিকার শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। অন্যদিকে, বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট ক্রম ছাড়াই ১৩টি বিভাগে ভাগ করে উপস্থাপন করা হয়। ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের তিনজনই এই ৪৫০ জনের তালিকায় রয়েছেন; তাদের কারও জন্য নির্দিষ্ট অবস্থান বা র‍্যাঙ্ক উল্লেখ করা হয়নি। সূত্র: themuslims500

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত