এবার প্রেমের টানে ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিলেন ঝিনাইদহের যুবক
মিঠুন ও এলিজাবেথ
এতোদিন বিদেশ থেকে মেয়ে আনতো বাংলাদেশের ছেলেরা। এবার বাংলাদেশি ছেলেকে নিয়ে গেল আমেরিকান তরুণী। ফেসবুকে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। পরে মার্কিন তরুণী এলিজাবেথ এসলিককে বিয়ে করে ৭ সাগর ১৩ নদী পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেলেন ঝিনাইদহের যুবক মিঠুন বিশ্বাস। পেয়েছেন ওই দেশে নাগরিকত্বও।
মিঠুন বিশ্বাস ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের রাখালগাছি গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে। এলিজাবেথ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সিটির রয় এসলিকের মেয়ে।
জানা গেছে, মিঠুনের প্রেমের টানে ২০১৭ সালের ২ জানুয়ারি বাংলাদেশে এসেছিলেন এলিজাবেথ। এরপর বিয়ে করেন তারা। বিয়ের পর কিছুদিন বাংলাদেশে থেকে এলিজাবেথ ফিরে যান যুক্তরাষ্ট্রে। পরে মিঠুনকেও নিয়ে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৪ সালে ফেসবুকে মিঠুনের সঙ্গে পরিচয় হয় এলিজাবেথ এসলিকের। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ২ জানুয়ারি বাংলাদেশে আসেন এলিজাবেথ। ৪ জানুয়ারি এনগেজমেন্ট এবং ৯ জানুয়ারি তাদের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন বাংলাদেশে থেকে এলিজাবেথ ফিরে যান দেশে। ২০১৮ সালের ৪ জানুয়ারি আবারও মিঠুনের কাছে এসে কিছুদিন থেকে চলে যান। এর তিন মাসের মাথায় মিঠুনকে যুক্তরাষ্ট্রে নিয়ে যান।
বর্তমানে এলিজাবেথ যুক্তরাষ্ট্রের ফোর্ড কার ডিলারশিপে হিসাবরক্ষক হিসেবে চাকরি করছেন। মিঠুন যুক্তরাষ্ট্রের জেনএনটেক আইটি কোম্পানিতে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। মিঠুন এবং এলিজাবেথের পাঁচ বছরের দাম্পত্য জীবন চলছে। দুজনে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বসবাস করছেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: