পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি বরাবর পাঠানো পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পাঠানো হয়েছে। কানাডা থেকে বিচারপতি মামনুন রহমান পদত্যাগপত্রটি পাঠিয়েছেন।
সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পরিবর্তনের পর বিচারপতি মামনুন রহমান বিদেশে চলে যান। এরপর দীর্ঘ এক বছরের বেশি সময় তিনি কোনো ছুটি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদন জমা দেয়।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। এদের মধ্যে বর্তমানে ৯ জন বিচারপতি আর দায়িত্বে নেই। কারও বাধ্যতামূলক অবসর হয়েছে, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং কেউ স্বাভাবিক অবসরে গেছেন।
বাকি তিনজন বিচারপতি এখনো পদে থাকলেও তারা বেঞ্চের দায়িত্ব পালন করছেন না। এছাড়া চলতি মাসে অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: