• NEWS PORTAL

  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সেই কর্মকর্তার জামিন

প্রকাশিত: ১৯:৫০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সেই কর্মকর্তার জামিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের মামলায় গ্রেফতার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ জামিনের এ আদেশ দেন। 

এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ার আলমকে আটক করে পুলিশ। এরপর তাকে নেওয়া হয় ডিবি হেফাজতে। পরে রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৫৫ মিনিটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে একটি আপত্তিকর পোস্ট প্রকাশ পায়। মাত্র ৯ মিনিটের মধ্যে অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণে নিয়ে হ্যাকিংয়ের নোটিশ দেওয়া হয়। তবে ওই দিন মধ্যরাতে আপত্তিকর পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়।

এ ঘটনার পর রাত ৩টায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সদস্য ও আইটি সেলের সমন্বয়ক সিরাজুল ইসলাম। পরে বঙ্গভবনের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের ই-মেইল থেকে ম্যালওয়ার ছড়ানোর তথ্য পাওয়ায় ৩ ফেব্রুয়ারি সিরাজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যান। এরই ধারাবাহিকতায় ৩ ফেব্রুয়ারি মধ্যরাতে ডিবির একটি অভিযানে বঙ্গভবনের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে গ্রেফতার করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: