• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

আবার কারাগারে নোবেল!

প্রকাশিত: ১৫:২৪, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:২৬, ২ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
আবার কারাগারে নোবেল!

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর কাছ থেকে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, জামিনের শর্ত অনুযায়ী আসামিকে আপসের কথা থাকলেও তা ভঙ্গ করেছেন। বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরও জামিনে মুক্তি পাওয়ার পর তা বাস্তবায়ন করেননি এবং নেওয়া অর্থও ফেরত দেননি। এ কারণে আদালত জামিন বাতিলের আবেদন মঞ্জুর করেন।

এর আগে, ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপসের শর্তে নোবেলকে অস্থায়ী জামিন দেন, যার মেয়াদ ছিল বৃহস্পতিবার পর্যন্ত।

মামলার নথি অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখান নোবেল। অভিযোগ রয়েছে, ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা গ্রহণ করেন এবং পরবর্তীতে তা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।

২০২৫ সালের ১৩ আগস্ট মামলাটি হলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে প্রতিবেদন জমা দেন, যেখানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করা হয়।

এর ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, এর আগে ‘ধর্ষণ ও মারধর’ অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় ২০২৫ সালের ১৯ মে নোবেল গ্রেফতার হন। এরপর ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিন পান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: