শেখ হাসিনার পক্ষে পাঠানো কোন চিঠি পায়নি ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে যুক্তরাজ্যের আইনজীবী কিংসলি ন্যাপলির কোনো চিঠি প্রসিকিউশন বা ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় পায়নি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানো হয়েছে, এমন সংবাদ প্রকাশিত হয়েছে; এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ ধরনের কোনো চিঠি পাইনি।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার পক্ষে এ ধরনের চিঠি দেওয়ার কোনো আইনগত এখতিয়ার কারোর নেই।
চিফ প্রসিকিউটর বলেন, চিঠির সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কথিত ওই চিঠিতে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডকে আন্তর্জাতিক আইনবিরোধী ও অন্যায্য দাবি করে ১৪ দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে বলে জানা গেছে।
আমিনুল ইসলাম আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডনভিত্তিক কোনো ল’ ফার্মের মাধ্যমে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর আইনে সুযোগ নেই। ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের চিঠি পাঠানো হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, জুলাই-আগস্ট হত্যা মামলার পুনঃতদন্ত চেয়ে হাসানুল হক ইনুর করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। পরে এ মামলায় আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: