• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

আরও ২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ২২:১৮, ১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
আরও ২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুর-৩ ও ঠাকুরগাঁও-২ আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার (১ এপ্রিল) ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে এই দুই আসনের জামায়াত প্রার্থীদের আবেদন শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেন দিনাজপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাইনুল আলম ও ঠাকুরগাঁও-২ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল হাকিম।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাইনুল আলম ১ লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট পেয়েছেন।

অন্যদিকে ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী মো. আব্দুস সালাম ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল হাকিম ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির বিরুদ্ধে হাইকোর্টে ‘নির্বাচনি আবেদন’ করার বিধান রয়েছে। এসব আবেদনের শুনানির জন্য একজন বিচারপতির সমন্বয়ে একক বেঞ্চ গঠিত হয়েছে। নির্বাচনি ট্রাইব্যুনাল অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট আসনের ফলাফলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত প্রদান করবেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: