• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

হত্যা মামলায় শেখ মামুন খালেদের দ্বিতীয় দফা রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ১৫:৩৩, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
হত্যা মামলায় শেখ মামুন খালেদের দ্বিতীয় দফা রিমান্ড মঞ্জুর

মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। এদিন পাঁচ দিনের প্রথম দফার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তার দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ মার্চ আদালত তাকে প্রথম দফার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ হত্যাকাণ্ডে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত কিনা তা যাচাইয়ের জন্য আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তারা আশা করছেন, দ্বিতীয় দফার রিমান্ডে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও প্রমাণ এবং অভিযোগের বিষয়গুলো স্পষ্টভাবে উদঘাটন করা সম্ভব হবে।

আইনজীবীরা বলেন, রিমান্ডকালীন জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, পরিকল্পনা ও সম্ভাব্য সহযোগীদের তথ্য উদ্ধার করতে হবে। একই সঙ্গে মামলার প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যগুলো যাচাই ও সংযুক্ত করা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত