অপ্রতিম হত্যা মামলার আসামিদের পক্ষে দাঁড়াবেন না কুমিল্লা বারের আইনজীবীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা বারের আইনজীবীরা। মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কায়ইমুল হক রিংকু।
অপ্রতিম হত্যাকাণ্ডের পর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে সরব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এরই মধ্যে মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও আইনজীবীদের অংশগ্রহণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের পক্ষে কুমিল্লা বারের আইনজীবীরা মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান জেলা পাবলিক প্রসিকিউটর—পিপি অ্যাডভোকেট কায়ইমুল হক রিংকু।
বৈঠকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করিম, কুমিল্লার সরকারি কৌঁসুলি—জিপি অ্যাডভোকেট তারেক আবদুল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আইনজীবীরা জানান, অপ্রতিম হত্যাকাণ্ডটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর। এ কারণে গ্রেপ্তার আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
তবে আসামিদের আইনগত অধিকার এবং আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেশের প্রচলিত আইন অনুযায়ী বহাল থাকবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: