• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

খুলনার সাবেক এমপি রশীদুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ২০:৩২, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
খুলনার সাবেক এমপি রশীদুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৫ লাখ ৯০ হাজার ২০৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (২৬ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল। মামলাটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় রুজু করা হয়েছে।

দুদকের মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মো. রশীদুজ্জামান খুলনা-৬ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে নিজের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেন বলে অভিযোগ আনা হয়েছে। তার নামে মোট এক কোটি সাত লাখ ৩৩ হাজার ৪৪৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

এজাহারের তথ্য অনুযায়ী, তার স্থাবর সম্পদের মূল্য ৫৭ লাখ ৭০ হাজার টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৪৯ লাখ ৬৩ হাজার ৪৪৩ টাকা। অন্যদিকে, তার গ্রহণযোগ্য আয়ের উৎস থেকে মোট আয় পাওয়া গেছে ৪৩ লাখ ৫ হাজার ২৩৬ টাকা। এ সময়ের পারিবারিক ব্যয় ধরা হয়েছে ১১ লাখ ৬২ হাজার টাকা। পারিবারিক ব্যয় বাদে তার নিট আয় বা সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ৩১ লাখ ৪৩ হাজার ২৩৬ টাকা।

দুদকের হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ নিট আয় ও সঞ্চয়ের চেয়ে ৭৫ লাখ ৯০ হাজার ২০৭ টাকা বেশি। এই অর্থের সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

দুদকের অভিযোগ, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে ওই সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগদখলে রাখার মাধ্যমে মো. রশীদুজ্জামান দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত