• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৭, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:১৭, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডাদেশ

যৌতুকের দাবিতে নির্যাতন ও পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে আব্দুর রউফ সরদার নামের এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আলমগীর আশরাফ। 

মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রউফ সরদার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঘোনা গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে। এ মামলার বাদী হলেন, জাহানারা খাতুন (৫৬)। তিনি কালিগঞ্জ উপজেলার তারালি সরদার পাড়ার বাসিন্দা বলে এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী জাহানারা খাতুনের মেয়ে সাবিনা ইসলাম (২৬) প্রায় সাড়ে তিন বছর আগে কালিগঞ্জের ঘোনা গ্রামের আব্দুর রউফ সরদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরে পারিবারিক বিরোধ ও যৌতুকের দাবিকে কেন্দ্র করে তাদের মধ্যে অশান্তি দেখা দেয় বলে অভিযোগ করেন বাদী। এজাহারে আরও বলা হয়, আসামির মায়ের চিকিৎসার খরচের জন্য ৫০ হাজার টাকা এবং মোটরসাইকেল কেনার জন্য চাপ দেওয়া হয়। এ নিয়ে বিরোধের একপর্যায়ে সাবিনা ইসলাম তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। 

অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় সাইকেলের শব্দ শুনে বাদী জেগে ওঠেন। পরে ঘরের ভেতরে গিয়ে দেখেন তার মেয়ে সাবিনা ইসলাম ও নাতনি আয়েশা সিদ্দিকা নিথর অবস্থায় খাটের ওপর পড়ে রয়েছে। তাদের বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি বলে এজাহারে আরো উল্লেখ করা হয়। এ ঘটনায় জাহানারা খাতুন থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে মামলার বিচারিক কার্যক্রম শুরু করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় চিকিৎসক, তদন্ত কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটসহ মোট ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। মামলায় আসামির ১৬৪ ধারায় জবানবন্দিও রেকর্ড করা হয় বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। বিচারিক কার্যক্রম শেষে আদালতের বিচারক আজ সোমবার আসামি আব্দুর রউফ সরদারকে মৃত্যুদ্বন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। তবে, এ রায় ঘোষনার সময় আসামি অনুপস্থিত ছিলেন। অনেক আগেই তিনি জামিনে মুক্ত হওয়ার পর পালিয়ে যান।

এদিকে, যৌতুকের মতো সামাজিক ব্যাধির কারণে মা ও শিশুকন্যার প্রাণহানির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আদালতের এ রায়ের মধ্য দিয়ে নিহতদের পরিবারের ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত