মুছাব্বিরকে গুলি করেছেন জিন্নাত, আদালতে দায় স্বীকার
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় তিন আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও, অপর আসামি শ্যুটার মো. জিন্নাহ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলো- মো. বিল্লাল, মো. আব্দুল কাদির ও মো. রিয়াজ।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আমিনুল চার আসামিকে আদালতে হাজির করে তিনজনের রিমান্ড এবং জিন্নাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। শুনানির সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করলেও তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত জিন্নাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বাকিদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে মুমূর্ষু অবস্থায় পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: