মাকে হত্যার দায়ে ছেলে ও পুত্রবধূ গ্রেফতার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি ছেলে মো. কাশেম ও তার স্ত্রী নারগিছ আক্তারকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৭ ও র্যাব-১৫-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কক্সবাজার জেলার চকরিয়া থানার লক্ষ্যারচর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী রেহেনা বেগম তার ছোট ছেলে কাশেম ও পুত্রবধূ নারগিছ আক্তারের সঙ্গে বসবাস করতেন। তার বড় ছেলে বেলাল প্রবাসে থাকতেন এবং মায়ের চিকিৎসা ও ওষুধের জন্য নিয়মিত ছোট ভাই কাশেমের কাছে টাকা পাঠাতেন। অভিযোগ রয়েছে, কাশেম সেই টাকা নিজের কাজে ব্যয় করতেন। এ নিয়ে মায়ের সঙ্গে তার এবং তার স্ত্রীর পারিবারিক কলহ লেগেই থাকত।
এরই ধারাবাহিকতায় গত বছরের ৫ জুন রাতে কাশেম ও তার স্ত্রী পরস্পর যোগসাজশে ধারালো দা দিয়ে রেহেনা বেগমের গলা কেটে হত্যা করে। পরে এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মো. মুক্তার আহমদ চট্টগ্রামের বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: