নিখোঁজ শ্রমিকদল নেতার মরদেহ বাঁধা ছিল আমগাছের সঙ্গে
শরীয়তপুরের গোসাইরহাটে জয়নুদ্দিন ঢালী (৫০) নামে নিখোঁজ এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের খাটরা গ্রামের একটি ছোট আমগাছের ডালের সঙ্গে গলার মাফলার দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
নিহত জয়নুদ্দিন ঢালী খাটরা গ্রামের মৃত মোসলেম ঢালীর ছেলে। তিনি গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সদস্য ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে খাবার শেষে জয়নুদ্দিন ঢালী বাড়ি থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানান। সোমবার বিকেলে বাড়ির পাশের বিলসংলগ্ন স্থানে একটি ছোট আমগাছের ডালের সঙ্গে মাফলার দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাতিজা মো. ইব্রাহিম বলেন, রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তার চাচা আর ফেরেননি। সকালে এলাকার মুরুব্বিদের জানিয়ে তাদের সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে বিকেলে বিলের পাশে আমগাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাকে দেখা যায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।
গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম সিকদার বলেন, জয়নুদ্দিন ঢালী দলের একজন সদস্য ছিলেন এবং এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) সজিবুল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: