• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

বিদেশি রিভলবার, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিদেশি রিভলবার, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী এলাকা থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় ধারালো অস্ত্রসহ আসিব হালদার (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে বজ্রযোগিনীর উত্তর নাহাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আসিব হালদার ভোলা জেলার চরফ্যাশন থানার হাজারীগঞ্জ এলাকার তৌহিদ হালদারের ছেলে। বর্তমানে তিনি বজ্রযোগিনীর উত্তর নাহাপাড়ায় যুব উন্নয়ন কার্যালয়ের পেছনে আকবর হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর নাহাপাড়ার বাবু মুন্সীর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবু মুন্সী পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে আসিব হালদারকে আটক করা হয়।

আসিবের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর নাহাপাড়ার খালেক শেখের ছেলে আকবরের পুকুরপাড়ের দক্ষিণ-পূর্ব কোণে কলাগাছের ঝোপের নিচ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিব দাবি করেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তিনি পলাতক বাবু মুন্সীর কাছ থেকে পেয়েছেন। এদিকে, পলাতক বাবু মুন্সীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত