স্বামী হত্যা মামলায় ‘টিকটকার আঁখি’ র্যাবের হাতে গ্রেফতার
ভাড়াবাড়ি থেকে উদ্ধার হওয়া মরদেহ ঘিরে এলাকায় ছিল রহস্য। কক্সবাজারের রামু উপজেলার চাঞ্চল্যকর বেলাল উদ্দিন জিহাদ (২২) হত্যার পর পাওয়া যাচ্ছিলো না তার স্ত্রী ও প্রধান আসামি তাহেরা বেগম আঁখিকে। তবে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
সোমবার (১৬ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৫। উখিয়া থানার কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। র্যাব জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৫ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত তাহেরা বেগম আঁখি উখিয়া উপজেলার খুলিয়াপালং ইউনিয়নের দরিয়ার দিঘী এলাকার মোহাম্মদ মুসার মেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটকার’ হিসেবে পরিচিত।
অন্যদিকে নিহত জিহাদ রাজারকুল ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন টমটম চালক ছিলেন।
জানা যায়, গত ৪ মার্চ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার এক ভাড়া বাসা থেকে জিহাদের গলাকাটা ও অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরই আত্মগোপনে চলে যান তার স্ত্রী ও মামলার প্রধান আসামি তাহেরা বেগম আঁখি। পরে জিহাদের পরিবার রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পরে হত্যার রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত শুরু করে র্যাব-১৫। সেই সাথে বাড়ায় গোয়েন্দা নজরদারি। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিভি/এজেড



মন্তব্য করুন: