• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ওয়ান-ইলেভেন সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ০৯:২৯, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ০৯:৪৭, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ওয়ান-ইলেভেন সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

ওয়ান-ইলেভেন সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা এবং ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম। জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাঁচটির মতো মামলা আছে।

গ্রেফতার হওয়া এই আলোচিত জেনারেল (অব.) মাসুদ এক এগার এর অন্যতম কুশীলব, মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের মূল হোতা ও ২০  হাজার কোটি কালো টাকা এবং হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি ওয়ান-ইলেভেন পটপরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।

২০০৮ সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। অবসর গ্রহণের পর তিনি ঢাকায় রেস্তোরাঁসহ একাধিক ব্যবসায় যুক্ত হন।

তার বিরুদ্ধে অবৈধভাবে মালেশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেট, দুর্নীতি দমন কমিশনসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। 

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তার পাঁচ দিনের মাথায় তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কেনেন এবং এর পরদিনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হন আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা।

বিভি/এজেড

মন্তব্য করুন: