• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

হাসপাতালে দালালচক্র, অভিযানে মিললো না রেহাই

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৮, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
হাসপাতালে দালালচক্র, অভিযানে মিললো না রেহাই

নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে নারীসহ দালাল চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) সাদিয়া চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ জনকে গ্রেফতার দেখিয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং একজনের বয়স বিবেচনায় পুনরায় এই কাজ না করার শর্তে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পলাশ উপজেলার ধনেরচর গ্রামের মান্নান মিয়ার ছেলে মাসুম মিয়া (৩৯), রায়পুরা উপজেলার বাহেরচর এলাকার হারেজ বেপারীর মেয়ে পারুল বেগম (৪২) এবং সদর উপজেলার শফিক এলাহীর স্ত্রী তাহেরা বেগম (৩৫)।

পুলিশ ও সহকারী কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জেলা হাসপাতালে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করি। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার দেখিয়ে নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা জরিমানা করা হয়। তারা অভিযোগ স্বীকার করেছে।

উল্লেখ্য, এর আগে গতকাল নরসিংদী সদর হাসপাতাল থেকে দালাল চক্রের ১৩ সদস্যকে আটক করে র‌্যাব। পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদেরও গ্রেফতার দেখিয়ে সাজা প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: