• NEWS PORTAL

  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬

চাটখিলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

প্রকাশিত: ১১:৪৯, ২১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চাটখিলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ভুক্তভোগী সাংবাদিক এস কে সৌরভ

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে এসএ টিভির সাবেক সিনিয়র রিপোর্টার এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫-২০ জনের একটি দল তাকে মারধর করে এবং তাকে ও তার ভাগিনাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে দেলিয়াই বাজারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এস কে সৌরভ বর্তমানে ঢাকার একটি অনলাইন গণমাধ্যমে কর্মরত। তার ভাগিনা মেহেদী হাসান আবেদ ওমানপ্রবাসী।

এস কে সৌরভের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার রাতে দেলিয়াই বাজারের রাস্তা দিয়ে হাঁটার সময় তার ভাগিনা মেহেদী হাসানের গায়ে চলন্ত মোটরসাইকেল লেগে যায়। এ নিয়ে মোটরসাইকেল চালক ও মেহেদী হাসানের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তিনি ও স্থানীয় কয়েকজন এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে মোটরসাইকেল চালক মেহেদী হাসানের মাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন এবং তাকে মারতে উদ্যত হন। এতে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে স্থানীয় লোকজন তাদের আলাদা করে দেন এবং মেহেদী হাসানকে বাড়িতে চলে যেতে বলেন।

এস কে সৌরভ জানান, ঘটনার সমাধানের আশ্বাস দিয়ে তিনি মোটরসাইকেল চালককে শান্ত করার চেষ্টা করলে ওই ব্যক্তি তার ওপরও চড়াও হন এবং ধাক্কা দেন। এ সময় তিনি নিজেকে প্রভাবশালী দাবি করে তার ভাগিনাকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন।

তিনি আরও জানান, এর কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক ফোন করে তার সহযোগীদের বাজারে আসতে বলেন। অল্প সময়ের মধ্যে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বাজারে এসে মেহেদীকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে বাড়ি ফেরার পথে সৌরভের পথরোধ করে তার ওপর হামলা চালায়। তাকে ও তার ভাগিনাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

সৌরভের ভাষ্য, হামলাকারীরা তাকে মারধর করতে করতে বাজারের দিকে নিয়ে যান। পরে তার চাচাতো ভাই আবির তাকে নিজের দোকানের ভেতরে নিয়ে বসিয়ে রাখেন। তবে হামলাকারীরা আবারও তার ওপর হামলার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্য, পরিচিতজন ও স্থানীয় কয়েকজনের সহায়তায় তিনি তাদের হাত থেকে উদ্ধার পান।

ঘটনার পর তিনি বাড়ির পেছনের এলাকার একটি ডিসপেনসারিতে গিয়ে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ নেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন বলে জানান।

তিনি অভিযোগ করেন, হামলাকারীদের অধিকাংশের বয়স ২০ বছরের নিচে। স্থানীয় কয়েকজনের ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্যও রয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় বুধবার (২১ অক্টোবর) থানায় গিয়ে ঘটনার তদন্ত, সুষ্ঠু বিচার এবং নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

বিভি/এজেড

মন্তব্য করুন: