• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

প্রেমের ফাঁদে হোটেলে নিয়ে ব্ল্যাকমেইল, হানিট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১৬:২৫, ২৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:২৬, ২৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রেমের ফাঁদে হোটেলে নিয়ে ব্ল্যাকমেইল, হানিট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বাসা বা হোটেলে ডেকে নিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে একটি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

রবিবার (২৫ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, চারজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে চক্রটিকে শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছিল। চক্রের সদস্যরা ঘন ঘন আস্তানা পরিবর্তন করতেন এবং ভুয়া নিবন্ধিত সিম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির সহায়তায় তুরাগ থানা এলাকার একটি আবাসিক ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান (৩৮), প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ (৩০), অর্থজীৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ (২০), সাবরিন কবির প্রেমা ওরফে নেহা (২২) এবং সাদিয়া ইয়াসমিন ওরফে মাহি (২১)।

পুলিশ জানিয়েছে, চক্রটির মূল হোতা জিৎ ভক্ত, প্রীতম তার ভাগনে এবং সাবরিন ওই ভাগনের স্ত্রী। অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, তিনটি ফাঁকা চেক ও একটি টর্চার বেল্ট উদ্ধার করা হয়।

চক্রটির প্রতারণার কৌশল সম্পর্কে ডিবি প্রধান জানান, নারী সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পরিচয় ব্যবহার করে মধ্যবয়সী ও বিত্তশালী পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরে কৌশলে নির্ধারিত স্থানে ডেকে নেওয়ার পর চক্রের পুরুষ সদস্যরা ভুক্তভোগীদের জিম্মি করে শারীরিক নির্যাতন করতেন এবং নারীদের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করতেন।

এসব ছবি ও ভিডিও ইন্টারনেটে এবং আত্মীয়স্বজনের কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। এমনকি একবার টাকা নেওয়ার পরও ব্ল্যাকমেইল করে দফায় দফায় অর্থ হাতিয়ে নিত তারা। এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিভি/বিএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত