রাজবাড়ীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩, অতঃপর দণ্ড
রাজবাড়ী সদর উপজেলার খোশবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের মধ্যে দুজনকে তিন মাস করে এবং একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
রবিবার (২৫ অক্টোবর) দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ডা. মো. আশিকুজ্জামান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আটক ব্যক্তিরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার গুদিবাড়ী গ্রামের হারেজ আলী শেখের ছেলে মো. বাবু আলী শেখ (৪০), কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের মো. শাহেজ মল্লিকের ছেলে মো. জনি মল্লিক (২৫) এবং রাজবাড়ী সদর উপজেলার খোশবাড়ী গ্রামের মো. হোসেন মোল্লার ছেলে মো. অনিক মোল্লা (২৫)।
অভিযান চলাকালে তাদের দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বাবু আলী শেখ ও জনি মল্লিককে তিন মাস করে এবং অনিক মোল্লাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: