৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ নেওয়ার সময় হাতেনাতে ধরা ভূমি অফিসের সার্ভেয়ার
জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগে রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ নভেম্বর) ফাঁদ অভিযান চালিয়ে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করা হয়। দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি ট্র্যাপ টিম এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং স্কেচম্যাপ প্রস্তুতের জন্য তিনি গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।
তবে আবেদন করার পর প্রায় ছয় মাস ধরে সহকারী কমিশনার (ভূমি), লালবাগ রাজস্ব সার্কেলের কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করাতে পারেননি তিনি। একপর্যায়ে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে সার্ভেয়ার আসাদুল ইসলাম ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে অভিযোগকারী দুদকের হটলাইন ১০৬-এ বিষয়টি জানান। পাশাপাশি কমিশনের এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ করে ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটকের জন্য ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ জানান।
এ ঘটনায় গত ২৮ অক্টোবর দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এ লিখিত অভিযোগ জমা দেন তিনি।
অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ শেষে কমিশনের অনুমোদনক্রমে মঙ্গলবার ফাঁদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করে দুদকের দল।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এ মামলা করা হয়েছে। মামলাটি ৩ নভেম্বর দায়ের করা হয়। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: