• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৫, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর আটক

সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানাকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে বনজীবিরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মিরাজুল নামের এক বনজীবি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকা থেকে তাকে শনাক্ত করার পর তিনিসহ তার সাথে থাকা বনজীবিরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে তাকে সাতক্ষীরা সদর থানা হাজতে রাখা হয়েছে।

আটক শাহিনুর সানা উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মাওলা বক্স সানার ছেলে।

বনজীবি মিরাজুল জানান, কিছুদিন আগে সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে তাকে জিম্মি করেছিলেন। পরে তিনি দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাদের কাছ থেকে ছাড়া পান। ওই সময় তিনি আটক শাহিনুরকে বনদস্যু জাহাঙ্গির বাহিনীর সহযোগি হিসেবে তাদের সাথে দস্যুতা করতে দেখেন। 

তিনি আরো জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগি শাহিনুর সানাকে দেখতে পেয়ে তাকে শনাক্ত করেন। এরপর তিনিসহ তার সাথে থাকা বনজীবিরা সবাই মিলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া জেলে-বাওয়ালিদের মধ্যে বনদস্যু আতঙ্ক বিরাজ করছে বলে মিরাজুল আরো জানান।

তবে, তার আটকের খবরটি সুন্দরবন উপকুলীয় এলাকায় ছড়িয়ে পড়লে সেখানকার জেলে-বাওয়ালিদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।  

এদিকে, সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ, অপহৃত জেলে-বাওয়ালীদের উদ্ধার এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে টানা কয়েক দিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন উপকূলীয় এলাকার বনজীবীসহ স্থানীয় বাসিন্দারা। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী তার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত বনদস্যু শাহিনুরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, মামলা দায়েরের পর তাকে সাতক্ষীরা সদর থানা হাজত থেকে নিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: