একাধিক পিস্তল সামনে নিয়ে হুমকির ভিডিও ভাইরাল, অভিযানে পুলিশ
ছবি: ভিডিও থেকে নেওয়া
চট্টগ্রামের রাউজানে একাধিক আগ্নেয়াস্ত্র সামনে রেখে প্রতিপক্ষকে দেওয়া এক সন্ত্রাসীর হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই জড়িত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একাধিক পিস্তল ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র টেবিলের ওপর সাজিয়ে রেখে নেপথ্যে এক ব্যক্তি প্রতিপক্ষকে চরম পরিণতির হুমকি দিচ্ছে। জানা গেছে, হুমকি দেওয়া ওই ব্যক্তি রাউজানের ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী হৃদয় হোসেন শাওন ওরফে বুলেট। ভিডিওতে দেখা দেওয়া মোট সাতটি পিস্তলের মধ্যে কয়েকটি স্বয়ংক্রিয় এবং কয়েকটি খেলনা পিস্তল বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, হৃদয় হোসেন শাওন এবং একই এলাকার আরাফাত মামুন নামে দুই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে একসঙ্গে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তবে গত মাসে হৃদয়ের বাবা বাদশাকে মামুন মারধর করার পর তাদের সম্পর্কে ভাঙন ধরে এবং তারা একে অপরের চরম শত্রুতে পরিণত হয়। বিরোধের জের ধরে মামুনের অনুসারীরা ‘মামুন চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী’ নামের একটি ফেসবুক পেজ থেকে হৃদয়ের ধারণকৃত ওই পুরোনো ভিডিওটি ছড়িয়ে দেয়।
চট্টগ্রামের রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত ২০২৩ সালের শেষের দিকের। বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে অস্ত্র এনে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির উদ্দেশ্যে হৃদয় ভিডিওটি ধারণ করে নিজের মোবাইলে রেখে দিয়েছিল। তবে সাম্প্রতিক বিরোধের সুযোগ নিয়ে মামুন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনা তদন্ত ও এসব অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: