কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীসহ রাজধানীতে গ্রেফতার
রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মী রয়েছেন। এসব অভিযানে একজন ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি বিদেশি পিস্তল, গুলি, ককটেল, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধের ঘটনায় ৫১টি মামলা করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর আটটি অপরাধ বিভাগে অভিযান চালিয়ে মোট ৫১৩ জনকে গ্রেফতার করা হয়।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৮০ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং রমনা বিভাগে ২১ জন গ্রেফতার হয়েছেন। এর বাইরে গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজন এবং এসআরইউ একজনকে গ্রেফতার করেছে।
অভিযান চলাকালে অস্ত্র ও বিস্ফোরকের মধ্যে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী তল্লাশিতে জব্দ করা হয়েছে ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা ও ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা। এর বাইরেও একটি বাস, ব্যাংকের তিনটি কার্ড, ১১টি মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৯৬৫ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
বিভি/বিএস/এসজি













মন্তব্য করুন: