• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হাসিনার ‌‘১৬ ডিসেম্বর দেশে ফেরা’ নিয়ে দিল্লির নতুন ব্যাখ্যা 

প্রকাশিত: ২০:৫৩, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হাসিনার ‌‘১৬ ডিসেম্বর দেশে ফেরা’ নিয়ে দিল্লির নতুন ব্যাখ্যা 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ দেশে ফেরার পরিকল্পনা ও ঢাকার করা প্রত্যর্পণের অনুরোধ-দুটি আলাদা বিষয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি জানিয়েছে, ভারতে দুই বছরের বেশি সময়ের নির্বাসন শেষে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য পাসপোর্টের মতো ভ্রমণসংক্রান্ত নথি এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ সরকার বলেছে, ভারত কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ফেরত পাঠাতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রত্যর্পণের অনুরোধটি বিদ্যমান আইনি কাঠামোর আওতায় প্রক্রিয়াধীন একটি আইনি বিষয়। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

জয়সওয়াল বলেন, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’

তিনি আরও বলেন, ‘এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।’

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে দেশের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, প্রত্যর্পণ ছাড়া হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। অর্থাৎ স্বেচ্ছায় দেশে ফেরার পথ কার্যত বন্ধ।

এদিকে হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।

২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন। ওই দিন ছাত্র-জনতার নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এর মধ্য দিয়ে তার ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে।

বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে এবং অন্য যেকোনো দণ্ডিত পলাতক আসামির মতোই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।

হাসিনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে রাজি আছেন। 

বিভি/টিটি

মন্তব্য করুন: