• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের সামনে অনেকগুলো কঠিন চ্যালেঞ্জ!

জিয়াউল হক সবুজ

প্রকাশিত: ০৮:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নতুন সরকারের সামনে অনেকগুলো কঠিন চ্যালেঞ্জ!

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

নির্বাচনের পর দায়িত্ব নিতে যাওয়া নতুন সরকারের সামনে অপেক্ষা করছে একাধিক কঠিন চ্যালেঞ্জ। অর্থনীতি বিশ্লেষকদের মতে, ব্যাংকিং খাতের নাজুক অবস্থা, প্রশাসনিক কাঠামোর দুর্বলতা এবং সামগ্রিক অর্থনৈতিক চাপ—সব মিলিয়ে সরকারকে প্রথম দিন থেকেই বাস্তবতার কঠিন পরীক্ষায় পড়তে হবে।

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ পরিবেশ পুনরুদ্ধার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি—এই তিনটি বিষয়ই হবে সরকারের অগ্রাধিকারমূলক চ্যালেঞ্জ। ব্যবসায়ী মহল বলছে, জ্বালানি সংকট বড় সমস্যা হলেও তার চেয়েও জরুরি হয়ে দাঁড়িয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা।

 

গত দুই বছর ধরে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগছে লাগামহীন মূল্যস্ফীতিতে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে। এর পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোতে আমানতকারীরা তাদের সঞ্চিত অর্থ ফেরত পেতে হিমশিম খাচ্ছেন। নতুন কর্মসংস্থান তৈরির পরিবর্তে গত দেড় বছরে অনেকেই চাকরি হারিয়েছেন।

অন্যদিকে গ্যাস ও বিদ্যুতের ঘাটতিতে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক কারখানায় উৎপাদন কমে গেছে, কিছু ক্ষেত্রে বন্ধও হয়েছে। এমনকি আবাসিক এলাকাতেও গ্যাস সংকটের প্রভাব পড়েছে।

এই প্রেক্ষাপটে নতুন সরকারের প্রথম কাজ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া। বিশ্লেষকদের মতে, বাজারে স্থিতিশীলতা না ফিরলে বিনিয়োগ বাড়বে না, কর্মসংস্থানও তৈরি হবে না। অর্থনীতির চাকা সচল রাখতে হলে আস্থা ফিরিয়ে আনা জরুরি।

উদ্যোক্তাদের মতে, অর্থনৈতিক পুনরুদ্ধারের পূর্বশর্ত হলো নিরাপদ ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। ব্যবসা-বাণিজ্যে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত না হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে আসবেন না।

বিশ্লেষকরা আরও মনে করেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠায় দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে তবেই অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব হবে।

নতুন সরকারের সাফল্য অনেকটাই নির্ভর করবে—কত দ্রুত তারা আস্থা ফিরিয়ে আনতে পারে এবং সংকট মোকাবিলায় কার্যকর নীতি গ্রহণ করতে পারে তার ওপর।

মন্তব্য করুন: