রফতানিকারকদের জন্য নতুন সুবিধা চালু করলো কেন্দ্রীয় ব্যাংক
রফতানিকারকদের জন্য নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এক লাখ মার্কিন ডলারের পণ্য রফতানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠাতে পারবেন রফতানিকারকরা। এর ফলে আন্তর্জাতিক বাজারে ব্যবসা পরিচালনা আরও সহজ ও গতি আনতে সহায়তা করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন রফতানিকারকদের বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুত করার সুযোগ দিতে পারবে। নতুন এই ব্যবস্থার ফলে রপ্তানিকারকরা ডকুমেন্টগুলো সরাসরি আমদানিকারক বা তাদের মনোনীত ব্যক্তির কাছে পাঠাতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনেক বিদেশি ক্রেতা দ্রুত পণ্য ছাড় করার সুবিধার জন্য নিজেদের নামে শিপিং ডকুমেন্ট ইস্যু করতে চান। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রফতানিকারকরা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত ব্যবসা পরিচালনা করতে পারেন।
তবে রফতানি আয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু শর্তও রাখা হয়েছে। ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট পণ্যের জন্য বৈধ রফতানি আদেশ রয়েছে। পাশাপাশি বিদেশি ক্রেতা বা কনসাইনির পরিচয়ও যথাযথভাবে যাচাই করতে হবে।
ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নতুন এই সুবিধা রফতানিকারকদের জন্য বিশ্ববাজারে ব্যবসা করা সহজ করবে। একইসঙ্গে ক্রেতাদের শর্ত পূরণে আরও নমনীয়তা তৈরি হবে এবং রপ্তানি আয় নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও নিশ্চিত করা যাবে।
বিভি/এসজি



মন্তব্য করুন: