নামছে সোনার দাম, বিশ্ববাজারে বড় পতন!
প্রতীকী ছবি
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। একদিনে ২ দশমিক ৩৬ শতাংশ কমে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৪ হাজার ৫০০ ডলারের নিচে।
স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ড প্রাইস-এর সর্বশেষ তথ্যে জানা যায়, প্রতি আউন্স সোনার দাম ১০৯ ডলার কমে ৪ হাজার ৪৯৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন এ দাম ছিল ৪ হাজার ৬০০ ডলারের বেশি।
এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। গত ১৪ মার্চ প্রতি আউন্স সোনার দাম ছিল ৫ হাজার ২০ ডলার। সে হিসাবে এক সপ্তাহে দাম কমেছে ৫২৬ ডলার বা ১০ দশমিক ৫ শতাংশ।
বিশ্ববাজারের এই পতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত ১৯ মার্চ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একদিনে দুদফা সোনার দাম কমানোর ঘোষণা দেয়। এতে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম কমে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নেমে আসে।
বর্তমানে নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়।
এছাড়া রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩২৪ টাকায়।
বিভি/এমআর



মন্তব্য করুন: