• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ঈদের ছুটিতেও রেমিটেন্সে সুবাতাস, ২৩ দিনে এলো বিপুল অর্থ

প্রকাশিত: ২০:১৫, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঈদের ছুটিতেও রেমিটেন্সে সুবাতাস, ২৩ দিনে এলো বিপুল অর্থ

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও প্রবাসীরা বাংলাদেশে বিপুল রেমিটেন্স পাঠিয়েছেন। মার্চ মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রায় ২৮৩ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় অর্থের পরিমাণ ৭ দশমিক ৪০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট ২৮২ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। এর আগে টানা তিন মাস ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, এবং চলতি মার্চ মাসেও সেই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের মার্চে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ৩৩০ কোটি ডলারের রেমিট্যান্সের রেকর্ড হয়। চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা ৩১৭ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন।

চলতি অর্থবছরের শুরু থেকে ২৩ মার্চ পর্যন্ত (২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ২৩ মার্চ) মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৮ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭০ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ১১২ কোটি ডলার।

ব্যাংকারদের মতে, রমজান ও ঈদকে কেন্দ্র করে সাধারণত রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পায়। পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা—বিশেষ করে ইসরায়েল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে অনেক প্রবাসী তাদের সঞ্চিত অর্থ দেশে পাঠিয়ে থাকতে পারেন। এ কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাম্প্রতিক সময়ে বেড়েছে।

তবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করবে। তাই বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখতে ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং শ্রমবাজার বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: