২৭ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে ফুয়েল ট্যাংকার, আসছে আরও
মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে নোঙ্গর করেছে ‘পিভিটি সোলানা’ নামের একটি ফুয়েল ট্যাংকার। জাহাজটি বর্হিনোঙ্গরে অবস্থান করলেও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ডলফিন জেটিতে বার্থিংয়ের মাধ্যমে ডিজেল খালাস করা হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বন্দরে একের পর এক ফুয়েল ট্যাংকার ভিড়ছে।
চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়লেও পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের চাপ কমছে না। বিশেষ করে অকটেন তেলের সংকট তীব্র। যেসব পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে, সেখানে যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। মোটরসাইকেলের লাইন সবচেয়ে দীর্ঘ।
চট্টগ্রাম জেলা প্রশাসন এ পর্যন্ত ৯৮টি অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে ১৮টি মামলা দায়ের করা হয়েছে এবং সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এক মাসের মধ্যে ৩০টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়েছে। এর মধ্যে সব জাহাজ ইতোমধ্যেই খালাস সম্পন্ন করে ফিরে গেছে। আগামী ৪ এপ্রিলের মধ্যে আরও ছয়টি জাহাজ বন্দরে আসার কথা। এসব জাহাজের মধ্যে তিনটিতে এলএনজি, দুটিতে গ্যাস অয়েল এবং একটিতে এলপিজি আসছে।
বন্দর কর্তৃপক্ষ এবং বিপিসি আশা করছে, ধারাবাহিক জাহাজ ভিড় ও খালাস প্রক্রিয়ার মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে জ্বালানি সরবরাহের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: