মার্চে দেশের ইতিহাসে রেমিট্যান্সের নতুন রেকর্ড
মার্চে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। মাস শেষ না হতেই প্রবাসীরা পাঠিয়েছেন সাড়ে ৩ বিলিয়ন ডলার, যা নতুন রেকর্ড। এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিলো ২০২৫ সালের মার্চে; ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।
সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম ২৯ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৩৪৯ কোটি মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা) অনুযায়ী, এর পরিমাণ প্রায় ৪২ হাজার ৫০০ কোটি টাকার বেশি। এটিই দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।
খাত সংশ্লিষ্টদের মতে, পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছেন। ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভালো প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ফেব্রুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছিলেন ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকা। গত বছরের ফেব্রুয়ারির তুলনায় এ বছর একই মাসে রেমিট্যান্স বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ। গত বছর ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ছিল ২৫২ কোটি ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৯ মার্চ পর্যন্ত দেশে এসেছে মোট ২ হাজার ৫৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৩ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২ হাজার ১৭৪ কোটি ডলার।
এদিকে প্রবাসী আয় বাড়ায়, বিভিন্ন আমদানির দায় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে। সোমবার (৩০ মার্চ) দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ০৫ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর বিপিএম–৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।
বিভি/এসজি



মন্তব্য করুন: