• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাংকের পর্ষদে প্রতিনিধি পরিচালক নিয়োগে নতুন শর্ত দিলো কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ২০:২৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:২৬, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ব্যাংকের পর্ষদে প্রতিনিধি পরিচালক নিয়োগে নতুন শর্ত দিলো কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক নিয়োগে নতুন শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কোনো কোম্পানি তার নিট সম্পদের (Net Worth) চেয়ে বেশি মূল্যের শেয়ার কোনো ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, শেয়ারহোল্ডার কোম্পানির আর্থিক সক্ষমতার সঙ্গে বিনিয়োগের সামঞ্জস্য রাখা এবং প্রতিনিধি পরিচালকের ভূমিকা ও জবাবদিহিতা নিশ্চিত করাই নতুন নির্দেশনার অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

নিট সম্পদের বেশি শেয়ার রাখা যাবে না
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি তার নিট সম্পদের পরিমাণের বেশি মূল্যমানের শেয়ার এক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না।

ইতোমধ্যে কোনো কোম্পানি নির্ধারিত সীমার বেশি শেয়ার ধারণ করলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে অতিরিক্ত শেয়ার বিক্রি করে তা নির্ধারিত সীমার মধ্যে আনতে হবে।

প্রতিনিধি পরিচালক হতে মালিকানা থাকতে হবে
শেয়ারহোল্ডার কোম্পানির মনোনয়ন পেলেই কেউ ব্যাংকের প্রতিনিধি পরিচালক হতে পারবেন না। নতুন শর্ত অনুযায়ী, শেয়ারহোল্ডার কোম্পানির পক্ষে মনোনীত প্রতিনিধি পরিচালককে ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অথবা পরিচালক হতে হবে।

এ ছাড়া প্রতিনিধি পরিচালক হিসেবে মনোনয়নের আগে সংশ্লিষ্ট ব্যক্তির নিজের নামে শেয়ারহোল্ডার কোম্পানিতে নির্দিষ্ট পরিমাণ মালিকানা থাকতে হবে।

পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ওই কোম্পানির পরিশোধিত মূলধনের অন্তত ২ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে অন্তত ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা থাকতে হবে। প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পুরো সময় এই মালিকানা বজায় রাখতে হবে।

নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বাধ্যতামূলক
শেয়ারহোল্ডার কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।

এ জন্য আবেদন করার সময় মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার কোম্পানিতে মালিকানা বা স্বত্ব থাকার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় দলিলপত্র জমা দিতে হবে।

সার্কুলার জারির আগে ব্যাংকের পর্ষদে শেয়ারহোল্ডার কোম্পানির পক্ষে নিয়োগ পাওয়া প্রতিনিধি পরিচালককে পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে।

পর্ষদ সভায় জানাতে হবে
ব্যাংকের পরিচালকদের অবগতির জন্য সার্কুলারে উল্লেখিত নির্দেশনাগুলো পর্ষদ সভায় উপস্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও শেয়ারহোল্ডারদেরও নতুন নির্দেশনা সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সার্কুলারটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: