• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম

প্রকাশিত: ২১:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই স্কিমে গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। পাশাপাশি ঋণগ্রহীতাদের জন্য রাখা হয়েছে ছয় মাসের গ্রেস পিরিয়ড।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’-এর আওতায় ব্যাংকগুলোকে অর্থায়নের মাধ্যমে বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠানে পুনরায় কার্যক্রম চালুর সুযোগ তৈরি করতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে প্রাক-অর্থায়ন দেবে।

নীতিমালা অনুযায়ী, স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া প্রাক-অর্থায়নের বিপরীতে ব্যাংকগুলোকে ৪ শতাংশ হারে সুদ দিতে হবে।

তবে প্রাক-অর্থায়ন পাওয়ার পর প্রথম ছয় মাস এ সুদ পরিশোধ করতে হবে না। ছয় মাসের গ্রেস পিরিয়ড শেষ হলে ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংককে সুদ পরিশোধ করতে হবে। একই সঙ্গে প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও পরিশোধ করতে হবে।

এই স্কিমের আওতায় ব্যাংকগুলো যে ঋণ বিতরণ করবে, তার সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

ঋণগ্রহীতাদের ক্ষেত্রেও ছয় মাসের গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। অর্থাৎ ঋণ বিতরণের পর প্রথম ছয় মাস গ্রাহকের কাছ থেকে কোনো সুদ আদায় করা যাবে না। গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর সুদ আদায় শুরু হবে। এ সময় প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও আদায় করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তহবিলের প্রাপ্যতা থাকা সাপেক্ষে স্কিমটির মেয়াদকালীন তিন বছরের মধ্যে যেকোনো সময় প্রাক-অর্থায়নের জন্য আবেদন করতে পারবে ব্যাংকগুলো।

স্কিমের সুবিধা নিতে আগ্রহী ব্যাংকগুলো তিন বছরের মেয়াদের মধ্যে প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের কাছে প্রাক-অর্থায়নের আবেদন করতে পারবে।

স্কিমের আওতায় দেওয়া অর্থ যথাযথভাবে নির্ধারিত কাজে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঋণের ব্যবহার, আদায় পরিস্থিতি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত তদারক করতে হবে।

গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সুদ পরিশোধের হিসাবও নিষ্পত্তি করতে হবে ব্যাংকগুলোকে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: