• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

অর্থনীতিতে সুবাতাস: দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

বাসস

প্রকাশিত: ১২:১৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অর্থনীতিতে সুবাতাস: দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণ পরিশোধে প্রায় ৭০ কোটি ডলার ব্যয় করেছে বাংলাদেশ। অর্থাৎ, জুলাই ও আগস্টে মোট ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। রবিবার (২৭ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পরিশোধ করা ঋণের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা।

অন্যদিকে, একই সময়ে ঋণের সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধ করেছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।

এদিকে, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। একই সময়ে বাংলাদেশ নতুন করে ২৪ কোটি ডলারের বিদেশি ঋণের প্রতিশ্রুতি পেয়েছে।

গত অর্থবছরের একই সময়ে নতুন বিদেশি ঋণের প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার। অর্থাৎ, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে নতুন ঋণের প্রতিশ্রুতির পরিমাণ কিছুটা কমেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত