• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৪:৪২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় প্রাথমিকভাবে তাকে ভিকটিম হিসেবে দেখছে পুলিশ। তবে ঘটনার পেছনের কারণ এবং কারা জড়িত, তা নিশ্চিত করতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী নামাপাড়ায় প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের বিরোধের মধ্যে শনিবার ভাঙচুরের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতে ওই জায়গা দখলের চেষ্টা করে। এ সময় সেখানে থাকা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। ওই স্থাপনাগুলোর একটিতে সালমান মুক্তাদিরের টিনশেড স্টুডিও ছিলো।

সালাহউদ্দিন আহমেদ আরও জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। সেখান থেকে গুলির খোসা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

সালমান মুক্তাদির ভাঙচুরের পর ফেসবুক লাইভে এসে দাবি করেন, চাঁদা না দেওয়ায় তার স্টুডিওতে হামলা হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত তার কাছে কেউ চাঁদা দাবি করেছে—এমন নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এমনকি সালমান নিজেও লাইভে বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি।

তিনি বলেন, বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ হিসেবে যে অভিযোগ করা হয়েছে, তারও সুনির্দিষ্ট ভিত্তি পাওয়া যায়নি। সালমান মুক্তাদির এ বিষয়ে নির্দিষ্ট অভিযোগে মামলা করলে পুলিশ তা তদন্ত করে দেখবে।

মন্ত্রী জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জমি নিয়ে সংঘর্ষ, দখল-বেদখল ও ভাঙচুরের ঘটনায় মামলা করার আইনগত প্রক্রিয়া চলছে। সালমান মুক্তাদিরের পক্ষ থেকেও জিডি বা মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। শিগগিরই মামলা হতে পারে।

ঘটনাটি নিয়ে পুলিশের প্রাথমিক তদন্ত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিস্তারিত তদন্তের পরই ভাঙচুরের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

বিভি/এমআর

মন্তব্য করুন: