সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট!
ছবি: বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ঘিরে সতর্কতার মধ্যে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত বার্তা দেখা যায়। তবে ওয়েবসাইটটি বন্ধের সঙ্গে নতুন সাইবার ঝুঁকির সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা দুর্বলতা পর্যালোচনা ও প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার পর এটি পুনরায় চালু করা হবে। তবে নির্দিষ্ট সময় জানানো হয়নি।
সম্প্রতি ‘PHP2Shell’ নামে পরিচিত দুটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এগুলো হলো CVE-2026-109618 ও CVE-2026-109619। নিরাপত্তা বিশেষজ্ঞদের সতর্কতা অনুযায়ী, দুর্বল সংস্করণে এসব ত্রুটি কাজে লাগিয়ে অনুমতি ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর কোড চালানো কিংবা সংবেদনশীল তথ্যের নাগাল পাওয়ার ঝুঁকি রয়েছে।
২১ অক্টোবর পিএইচপি কর্তৃপক্ষ ত্রুটি সংশোধনে নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে। পিএইচপির বিভিন্ন সংস্করণে এসব দুর্বলতা থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ব্যবহৃত সংস্করণ যাচাই এবং দ্রুত প্রয়োজনীয় আপডেট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে কোনো ওয়েবসাইটে পিএইচপি ব্যবহার করা হলেই সেটি আক্রান্ত—এমন নয়। ঝুঁকি নির্ভর করে ব্যবহৃত সংস্করণ, সার্ভারের কনফিগারেশন ও নিরাপত্তা হালনাগাদের ওপর। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ ত্রুটির মাধ্যমে কোনো সাইবার হামলা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ওয়েবসাইট বন্ধ থাকায় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন তথ্য ও অনলাইন সেবা ব্যবহারে সাময়িক অসুবিধা হতে পারে। তবে ওয়েবসাইটটি পুনরায় চালুর বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
বিভি/এমআর













মন্তব্য করুন: