ব্যক্তি পর্যায়ে চালু হয়েছে বাংলা কিউআর, প্রচারের অভাবে সাড়া কম
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় যুক্ত হলো নতুন সুবিধা। চালু হয়েছে ব্যক্তি পর্যায়ে বাংলা কিউআর কোডের ব্যবহার। তবে প্রচার প্রচারণার অভাবে এখনো এ সুবিধা গ্রহণে মানুষ খুব একটা আগ্রহী হয়ে উঠছে না। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ক্যাশলেস লেনদেন বাড়াতে সব শ্রেণি পেশার মানুষকে যুক্ত করতে হবে বাংলা কিউআর কোডে। আর বাংলাদেশ ব্যাংক বলছে, টাকার তৈরিতে বাড়ছে অতিরিক্ত খরচ। তাই ক্যাশলেস লেনদেনের বিকল্পে গুরুত্ব কেন্দ্রীয় ব্যাংকের।
লেনদেন আরও স্বচ্ছ, নিরাপদ ও কম খরচে দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ২০২৩ সালে কিউআর কোডের মাধ্যমে লেনদেনের ব্যবস্থা চালু করে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৭ সালের মধ্যে দেশের মোট লেনদেনের ৭৫ শতাংশ নগদ টাকাবিহীন করার লক্ষ্যে নেওয়া হয় এই উদ্যোগ। এ জন্য চলতি বছরের ৩০ জুনের মধ্যে সব ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান, পিএসসি এবং পিএসও ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোড চালুর নির্দেশ দেওয়া হয়।
এবার ক্যাশবিহীন লেনদেন আরও এগিয়ে নিতে নতুন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পহেলা নভেম্বর থেকে চালু হয়েছে ব্যক্তিপর্যায়ে কিউআর কোডের ব্যবহার। তবে নতুন এ ব্যবস্থার সাথে এখনো অপরিচিত সাধারণ গ্রাহকরা।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকরা নতুন এ ব্যবস্থা যে নিরাপদ তা প্রচারে কাজ করতে হবে কেন্দ্রীয় ব্যাংককেই। আর বাংলাদশ ব্যাংক বলছে, অদূর ভবিষ্যতে ক্যাশলেস ব্যবস্থার বিকল্প থাকবেনা।
আগেই দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের নিজ মোবাইল অ্যাপে এই সুবিধা যুক্ত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
বিভি/এসজি













মন্তব্য করুন: