রফতানি উন্নয়ন তহবিলের সুদ হার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের (রফতানি উন্নয়ন তহবিল) সুদহার এক শতাংশ বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে এ তহবিল থেকে ঋণ নিতে হলে রফতানিকারকদের গুনতে হবে ৪ শতাংশ সুদ। এতদিন এ সুদের হার ছিল ৩ শতাংশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রফতানি উন্নয়ন তহবিল থেকে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ২ দশমিক ৫০ শতাংশ সুদে অর্থ দেবে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৪ শতাংশ সুদে ঋণ নিতে হবে রফতানিকারকদের। আগামী ১৩ নভেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
রপ্তানিমুখী শিল্পের বিকাশে বৈদেশিক মুদ্রায় স্বল্পসুদে ঋণ সুবিধা দেওয়ার লক্ষ্যে ১৯৮৯ সালে রপ্তানি উন্নয়ন তহবিল গঠিত হয়। এ তহবিলের যাত্রা শুরু হয় ৩৮ লাখ ৭২ হাজার ডলার নিয়ে। ২০০৫ সালে এটি ১০ কোটিতে উন্নীত করা হয়। এরপর ধাপে-ধাপে আকার বাড়িয়ে এখন ৭০০ কোটি ডলারে উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এটি পুনঃঅর্থায়ন তহবিল।
এর আগে ডিলার ব্যাংকগুলি দেড় শতাংশ সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে ইডিএফ ঋণ নিত; আর গ্রাহকদের দিত ৩ শতাংশ হারে। ৪ মাসের মধ্যে এই সুদহার দ্বিতীয়বারের মতো বাড়াল বাংলাদেশ ব্যাংক।
এর আগে গত ১৯ জুলাই জারি করা প্রজ্ঞাপনে গ্রাহক পর্যায়ে সুদহার ২ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়। এসময় ডিলার ব্যাংকপর্যায়ে সুদহার ১ শতাংশ থেকে বাড়িয়ে ১.৫ শতাংশ করা হয়।
বর্তমানে ইডিএফের আকার ৭০০ কোটি ডলার। এটি পুনঃঅর্থায়ন তহবিল। এখান থেকে রপ্তানিকারকরা ঋণ নিয়ে ২৭০ দিনের মধ্যে ফেরত দিতে পারেন।
আরও পড়ুন:
বিভি/এইচএস



মন্তব্য করুন: