নোবিপ্রবির আলোচিত ২৩
বছরজুড়ে নানান ঘটনায় আলোচিত ছিলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) গুচ্ছ ভর্তি পদ্ধতির পরীক্ষা থেকে বের হতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন আবার সেই গুচ্ছপদ্ধতিতেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ, অবিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ, শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন,নানা ঘটনায় শিক্ষার্থী আন্দোলন, উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণসহ নানা ঘটনায় বছরজুড়ে আলোচনায় ছিলো বিশ্ববিদ্যালয়টি। এক ঝলকে দেখে আসা যাক ২৩ সাল জুড়ে বিশ্ববিদ্যালয়ের আলোচিত ২৩ ঘটনা।
নিয়োগ:
১. ২য় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ:
নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পেলেন প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।
২. শিক্ষক থেকে ট্রেজারার নিয়োগ:
প্রথম বারের মত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) নিজ বিশ্ববিদ্যালয় থেকে ট্রেজার পেলো।ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয় অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে।
৩. রেজিস্ট্রার নিয়োগ:
প্রথম বারের মত ভারমুক্ত রেজিস্ট্রার পেলো নোবিপ্রবি। এই পদে নিয়োগ দেওয়া হয় জসিম উদ্দিনকে।
৪. প্রক্টর:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আনিসুজ্জামান।
৫. প্রধান প্রকৌশলী নিয়োগ:
প্রধান প্রকৌশলী পদে প্রকৌশলী মো. জামাল হোসেন যোগদান করেন।
৬. প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯ অর্জন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ এর জন্য মনোনীত হয় নোবিপ্রবির তিন শিক্ষার্থী। নির্বাচিতরা হলেন প্রকৌশলী অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের সুদেব বাবু সেন অমিত, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের অর্থনীতি বিভাগের নাজমুল হাসান এবং বিজ্ঞান অনুষদের কৃষি বিভাগের বেলায়েত হোসাইন।
৭. বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন
ক্লাসরুম সংকট নিরসনে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করে নোবিপ্রবির ফার্মেসি ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা। একাডেমিক ভবন-২ এর লিফট সমস্যা সমাধানে আন্দোলন করে ভবনটিতে অবস্থিত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
৮. পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তির প্রতিবাদ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তাঁরা ওই কর্মসূচি পালন করেন।
৯. ডিগ্রি জটিলতা:
ডিগ্রি পরিবর্তন জনিত সমস্যার সমাধান না হওয়ায় এবার প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ (বিএমএস) বিভাগের শিক্ষার্থীরা। প্রায় ৬ মাস ধরে আন্দোলন করে আসছে উক্ত বিভাগের শিক্ষার্থীরা। আন্দোলনের ফলশ্রুতিতে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
১০. গবেষণায় সম্মাননা ও বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য
ব্যবসায় শিক্ষায় গবেষণায় অবদানের জন্য ১২ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের ৬ শিক্ষককে রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান করে ব্যবসায় শিক্ষা অনুষদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ডিবেট প্রতিযোগিতা ২০২৩ এ চ্যাম্পিয়ন হয় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির টিম। চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এ রানার্স আপ হয় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির টিম পিওনার। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় শীর্ষ ১০ এ স্থান পায় নোবিপ্রবির সিএসটিই বিভাগের শিক্ষার্থীদের দুইটি টিম। বুয়েট সিএসই ফেস্ট-২০২৩ এ দ্বিতীয় স্থান অর্জন করে নোবিপ্রবির আইআইটি এর শিক্ষার্থীদের টিম ‘নাল পয়েন্টার এক্সেপশন’।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৫ম আন্তর্জাতিক কনফারেন্স অন বায়োটেকনোলজি ইন হেলথ অ্যান্ড এগ্রিকালচারে হেলথ অ্যান্ড মেডিকেল বায়োটেকনোলজি সেশনে পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হয় নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী রুমা বেগম। বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি (বিপিএস) আয়োজিত ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড ২০২৩ এ তৃতীয় নোবিপ্রবির ইএসডিএম বিভাগের শিক্ষার্থী ফারহানা করিম।
১১)তুরস্কে ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তা:
তুরস্কে ভূমিকম্পে বিপর্যস্তদের আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রেরণ করে নোবিপ্রবি।
১২. মরোণত্তর সম্মাননা
মরোণত্তর সম্মাননা দেওয়া হয় নোবিপ্রবির ইনফরমেশন সাইন্সেস এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সাইফ উদ্দিনকে। উল্লেখ্য সাইফ উদ্দিন কিডনি জটিলতায় দীর্ঘ দিন মৃত্যুর সাথে লড়াই করে ঢাকায় মৃত্যু বরণ করেন।
১৩.যৌন হয়রানি ও অনৈতিক সম্পর্কের নিয়ে উড়োচিঠি
বছরের শুরুতে ছাত্রীদের যৌন হয়রানি ও নারী শিক্ষকদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানো সম্পর্কে ঢাকা জিপিও থেকে একটা উড়োচিঠি আসে। উড়ো চিঠিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একাধিক জ্যেষ্ঠ পুরুষ শিক্ষক ছাড়াও বেশ কয়েকজন নারী শিক্ষক এবং একাধিক নারী কর্মকর্তার নাম উল্লেখ করা হয়।
১৪. শিক্ষককে শাস্তি ও পদত্যাগ
নোবিপ্রবির শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান আশিকের বিরুদ্ধে শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের যৌন হয়রানি, মার্ক টেম্পারিংসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রভাষক পদে পদাবনতিসহ শাস্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে চাকরি থেকে পদত্যাগ করেন এই শিক্ষক।
১৫. প্রথমবারের মতো অ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজন:
এ বছরের মার্চে নোবিপ্রবির শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে প্রথমবারের মতো অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৬. মৃত্যু ও আত্মহত্যা:
২০ মার্চ রাতে নোবিপ্রবির আবদুল মালেক উকিল হলের ছাদ থেকে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আপরশি মারমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে ২১ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আত্মহত্যার চেষ্টা করেন শিক্ষা প্রশাসন বিভাগের এক ছাত্রী।
১৭. বহিষ্কার,জরিমানা ও শোকজ:
বিশ্ববিদ্যালয়ের শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ড এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বছরব্যাপী বিভিন্ন সময়ে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের ৫১ জন শিক্ষার্থীকে বহিষ্কার, জরিমানা ও বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠান পরিচালনা করায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমামকে শোকজ করা হয়। নির্বাচন নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে নোবিপ্রবির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওয়াহেদ উল্লাহকে শোকজ এবং গ্রন্থাগার দপ্তরে বদলি করা হয়।
১৮. ছাত্রলীগের কমিটি গঠন:
এ বছরের ১৩ অক্টোবর নোবিপ্রবি শাখা ছাত্রলীগের দ্বিতীয় কমিটি গঠন করা হয়। কমিটিতে নাঈম রহমানকে সভাপতি এবং জাহিদ হাসান শুভকে সাধারণ সম্পাদক করা হয়।
১৯.ভূমিকম্পে ভবনে ফাটল:
শনিবার (২ ডিসেম্বর) ভূমিকম্পের পর আবাসিক হলে ফাটল দেখা গেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন এই ফাটল আগে থেকেই ছিল।
২০. শিক্ষক সমিতির নির্বাচন:
নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীপন্থী প্যানেল নীল দল নিরঙ্কুশ জয় লাভ করে। এতে সভাপতি পদে নির্বাচিত হন শিক্ষা বিভাগের অধ্যাপক ড. বিপ্লব মল্লিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফিসারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান।
২১. অফিসার্স এসোসিয়েশন এর নির্বাচন:
২ বছর পর অনুষ্ঠিত নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন ২০২৪-২৫ এর সভাপতি নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন পলাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহকারী রেজিস্ট্রার ইবনে ওয়াজিদ ইসলাম ইমন।
২২.ইমামকে শোকজ:
নোবিপ্রবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান পরিচালনা না করার নির্দেশ অমান্য করায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমামকে শোকজ করা হয়।
২৩. লিফট ভোগান্তি:
অন্যান্য সমস্যার পাশাপাশি নোবিপ্রবির অ্যাকাডেমিক ভবন-২ এর লিফট সমস্যাও সমালোচনায় ছিল। ভবনে ২টি লিফট থাকলেও একটি অকেজো অবস্থায় এবং অন্যটি চলমান থাকলেও ছিল নানান সমস্যায় জর্জরিত। প্রায়ই লিফটে শিক্ষার্থীদের আটকা পড়ার ঘটনা ঘটতো। এছাড়াও দশতলা ভবনের লিফটের ডিসপ্লেতে কখনও ১২ আবার কখনও ৯৬ তলায় অবস্থান দেখাতো। পরবর্তীতে সমস্যা সমাধানে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। তারা রিপোর্ট জমা দিলেও সংস্কার কাজ মন্থর গতিতে চলতে দেখা যায়।
বিভি/রিসি



মন্তব্য করুন: