বস্তা পঁচা সেই আওয়ামী ন্যারেটিভ তরুণ সমাজ প্রত্যাখ্যান করেছে: শিবির সেক্রেটারি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, নির্দিষ্ট কিছু গোষ্ঠী জাতিতে বিভেদ সৃষ্টি করতে চাইছে। অতীতের বস্তা পঁচা সেই আওয়ামী ন্যারেটিভ ফিরিয়ে আনার পাঁয়তারা করছে, যা তরুণ সমাজ প্রত্যাখ্যান করেছে বলে জানান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পৌনে ৮টায় বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রশিবির আয়োজিত সাইকেল র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, নির্দিষ্ট কিছু গোষ্ঠী জাতিতে বিভেদ সৃষ্টি করতে চাইছে। অতীতের পুরাতন বস্তা পঁচা সেই আওয়ামী ন্যারেটিভ ফিরিয়ে আনার পাঁয়তারা করছে, যা তরুণ সমাজ প্রত্যাখ্যান করেছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাক স্বাধীনতা হরণ করে বাকশাল প্রতিষ্ঠা এবং এর ফলে দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। ইসলামী ছাত্রশিবির সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে জীবন দিতে ছাত্রশিবির প্রস্তুত উল্লেখ করে নুরুল ইসলাম বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২৪শে জুলাইয়ের বিপ্লবে ইসলামী ছাত্রশিবিরের ভাইয়েরা রাজপথে থেকে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে জীবন উৎসর্গ করেছে। বুলেট, স্নাইপার, সাউন্ড গ্রেনেড কোনো কিছুর সামনে মাথা নত করা হয়নি। ইসলামী ছাত্রশিবির কোনো ভেসে আসা জনগোষ্ঠী নয়। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দিতে ইসলামী ছাত্রশিবির সদা প্রস্তুত।
শিবির সেক্রেটারি আরও বলেন, দুর্নীতিমুক্ত, দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং স্বাধীনতার ঘোষণাপত্রের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধা প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যেতে চাই।
বিজয় দিবসকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচির বিষয়ে সাদ্দাম বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ নতুন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছে। ইসলামী ছাত্রশিবির প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবসকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। সারা দেশে একযোগে তরুণ যুব সমাজকে স্বাস্থ্য সচেতন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ম্যারাথন দৌড়, সাইকেল র্যালি, স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভার মতো ছাত্রবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা একটি ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে চাই।
এছাড়াও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। যারা এ দেশের স্বাধীনতা ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, তাদের নানা হুমকির মুখে পড়তে হচ্ছে। একারণেই আমাদের হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। বাংলাদেশের স্বার্থবিরোধী যেকোনো অবস্থানের বিরুদ্ধে আমাদের তরুণ সমাজ ঐক্যবদ্ধ ও সচেতন প্রতিরোধ গড়ে তুলবে। যারা ভিনদেশি তাবেদারি করে, তাদের প্রতি এটি আমাদের স্পষ্ট সতর্কবার্তা।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে ও আব্দুর রহমান আফনানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা এবং ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।
বিভি/এসজি



মন্তব্য করুন: